ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও শিল্প পুলিশ রিজার্ভ বাহিনীর (এসআরবি) সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিকদের বিক্ষোভ কিংবা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব সদস্য দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি স্থানে পুলিশের বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়।
টানা বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে বুধবার সকালে বেশ কিছু কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এসএ