কয়েক দিনের উত্তেজনা ও সহিংস ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন। আতঙ্ক কাটিয়ে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠানেও ফিরেছে শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সাঁজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতার ঘটনার পর থেকেই জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।
সোমবার সকালে শহরের বিভিন্ন সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও সাম্প্রতিক ঘটনার কারণে অনেকের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে।
যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সরকারি সম্পত্তি রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জেলার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি যাতে আবার অবনতির দিকে না যায়, সে জন্য বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সহিংসতার ঘটনার পর প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে। এখন সাধারণ মানুষের প্রত্যাশা, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং আতঙ্কমুক্ত পরিবেশে দৈনন্দিন কার্যক্রম চালানো সম্ভব হবে।
এফএস