গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। সদর এলাকায় বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারাও টহল দেবে।
সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে জানিয়ে উপমহাপরিচালক বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।
আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান গনী বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এফএস