রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। ১৬ বছর ২ মাসের পথচলায় এই ভবনটি শুধু বসবাসের ঠিকানা নয়, হয়ে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার এক মিলনকেন্দ্র। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে শুক্রবার আয়োজন করা হয় বর্ণাঢ্য পিকনিক ও মিলনমেলা।
সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ভাস্কর্যশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস এই ভবনে। পরিবারের সদস্য ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলার আকর্ষণীয় ইভেন্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল মুখরোচক খাবার এবং সবার জন্য বিশেষ কমন গিফট হ্যাম্পার।উপস্থিত ছিলেন ফ্ল্যাট এর মোঃ ইকবাল, রিংকু,তাজুল ইসলাম, মোঃ জাহান কবির সিপু,তাপস বাবু,মোঃ সুমন,মোঃ ইমন, মোঃ সাবুল মোল্লা,মোঃ সামি হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। আমাদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন।
সব মিলিয়ে একতা লজের এই পিকনিক ও মিলনমেলা ছিল কেবল একটি বিনোদন আয়োজন নয়, বরং প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন উদ্যাপনের এক সুন্দর দৃষ্টান্ত। ১২টি পরিবারের এই সম্মিলিত আনন্দ যেন প্রমাণ করল—একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়, ভালোবাসায় গড়ে উঠতে পারে একটি বড় পরিবার।