দণ্ডিত ও পলাতক হওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। সাজা ঘোষণার পর আপিল না করায় তাঁর আপিলের আইনগত সুযোগও আর নেই বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজার মেয়াদ কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, একই আইনের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার বিধান রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।
তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা অনুযায়ী, দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু করার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
আপিলের সুযোগ নিয়েও যা বললেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার বিচার ও আপিলের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি দেশে ফিরে মামলার মুখোমুখি হননি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি। ফলে তাঁর আপিল করার আইনগত সুযোগ আর নেই বলে মনে করেন চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা বলা হয়েছে। তবে তাঁর ভাষ্য, এই অধিকার কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়।
লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠানের আবেদন নিয়ে প্রশ্ন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে করা হয়নি।
আমিনুল ইসলাম বলেন, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। এ ক্ষেত্রে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি কীভাবে শেখ হাসিনার পক্ষে আবেদন করেছে, তা স্পষ্ট নয়। তাঁদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, সেটিও প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, ক্লায়েন্টের সঙ্গে যথাযথ চুক্তি ছাড়া ওই প্রতিষ্ঠান কীভাবে তাঁর পক্ষে আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ স্বাধীনতার পর প্রণীত প্রথম দিকের আইনগুলোর একটি। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়ার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে।
ভারত থেকে ফেরার বিষয়ে যা বললেন
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, সে বিষয়ে তাঁদের কাছে কোনো আনুষ্ঠানিক নথি নেই বলে জানান আমিনুল ইসলাম।
তিনি বলেন, ভারত সরকার মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে। তবে বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, দেশে ফেরার সদিচ্ছা থাকলে শেখ হাসিনার উচিত ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো।
শেখ হাসিনার অডিও বক্তব্য নিয়েও সন্দেহ
শেখ হাসিনার নামে প্রচারিত বিভিন্ন অডিও বক্তব্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য তাঁরা পাননি। বিভিন্ন মাধ্যমে প্রচারিত অডিওগুলো আদৌ তাঁর কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সাজা কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া সামনে আসবে।
এফএস