ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
আজ সোমবার (৯ নভেম্বর) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় রোকসানাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার সাকিব নরসিংদীর পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
র্যাব জানায়, রোকসানা তার দুই সন্তানকে নিয়ে আশুলিয়া থানার কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। তার স্বামী প্রবাসে রয়েছেন। সাকিব ওই এলাকায় ময়লা পরিষ্কারের কাজ করতেন। ময়লা অপসারণের বিল সংগ্রহের জন্য বিভিন্ন সময় তিনি রোকসানার বাসায় যাতায়াত করতেন।
গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পানির মোটর বন্ধ করতে বাসার বাইরে যান রোকসানা। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় তার মেয়ে মীম আক্তার রিয়া (১৮) মাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ভবনের ছাদে যাওয়ার পথে প্রবেশদ্বারের কাছে হাতে চাকু নিয়ে সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। মেয়ের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান সাকিব।
এ সময় সন্দেহ হওয়ায় চিৎকার শুরু করেন রিয়া। পরে আশপাশের ভাড়াটিয়াদের নিয়ে ভবনের পঞ্চম তলার ছাদে গিয়ে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। গত ৮ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৪৮। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সুলতানপুর বাজারে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, ঘটনার দিন ভবনের ছাদে রোকসানাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় রোকসানা বাধা দিলে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে ছাদে থাকা বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।
গ্রেপ্তার সাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএস