জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে ইউনুছ আলী তাঁর প্রতিবেশী ২৩ বছর বয়সী এক নারীকে বিভিন্ন সময় ইশারা-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। পরে ওই নারীর ফোন নম্বর সংগ্রহ করে মুঠোফোনেও কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই যুবকের অভিভাবকদের জানানোর পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এর জেরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুছ আলী তাঁকে বাড়ির পাশের ধানখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউনুছ আলীকে আটক করেন।
পরদিন ইউনুছ আলীর বাবা-মা ডাংধরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ওই রাতেই তাঁদের বিয়ে সম্পন্ন করার বিষয়ে সম্মত হন। পরে ইউপি চেয়ারম্যান নিজের জিম্মায় আটক ইউনুছ আলীকে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু এরপর থেকে ইউনুছ আলী বিয়ে করতে নানা টালবাহানা শুরু করেন।
তিনি বিয়ে করতে রাজি না হওয়ায় ৮ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে তিনি সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনার কয়েক দিন পর, ওই বছরের ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এ রায় ঘোষণা করেছেন। দীর্ঘ ১০ বছর পর মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।
এলএইচ/আরএন