খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত নিরুপণ চাকমা দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন।
সোমবার অফিস শেষে খাগড়াছড়ি সদরের নিজ বাড়িতে ফেরার পথে বিকেল ৫টার দিকে কৃষি গবেষণা কেন্দ্রের ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পিকআপচালক পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকেরা মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িসহ তাঁকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরুপণ চাকমা দীঘিনালা থেকে মোটরসাইকেলে খাগড়াছড়ি সদরে ফিরছিলেন। এ সময় খাগড়াছড়ি থেকে দীঘিনালাগামী একটি দ্রুতগতির পিকআপ তাঁর মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পিকআপচালক গাড়িসহ পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকেরা মোটরসাইকেলে ধাওয়া করে গাড়ি ও চালককে আটক করেন। পরে স্থানীয়রা নিরুপণ চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, পিকআপ ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনএম/আরএন