ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে বজ্রপাতের শব্দে শিক্ষক-শিক্ষার্থীসহ অসুস্থ ১৭
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে নিয়মিত পাঠদান চলার সময় হঠাৎ চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শব্দ ও ঝলকানিতে বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ওই শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে আকস্মিক বজ্রপাতের শব্দে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। বজ্রপাতটি চতুর্থ শ্রেণির কক্ষের পাশে হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে প্রভাব পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। তাদের কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পর সবার শারীরিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে তাদের অবস্থা স্বাভাবিক থাকায় বাড়িতে পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত হাসপাতালে নেওয়া ও চিকিৎসা দেওয়ায় বড় ধরনের কোনো শারীরিক জটিলতার খবর পাওয়া যায়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝