ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহরে গোডাউন ভেঙে ৬ শতাধিক বস্তা সার লুট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
X

পাবনার চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে ৬ শতাধিক বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে এসব সার লুট করা হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে সার নেওয়ার জন্য ভোর থেকেই প্রায় ২ থেকে ৩ হাজার কৃষক লাইনে দাঁড়ান। দুপুরে উত্তেজিত কৃষক-জনতা এ লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সরেজমিনে জানা গেছে, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। সার বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমো ইস্যু করা হয়। পাশাপাশি আরও দুটি ডিলার পয়েন্টেও সকাল থেকে সার বিতরণ চলছিল।

তবে অন্য দুটি ডিলার পয়েন্টের সার শেষ হয়ে গেলে সেখান থেকে হাজারো কৃষক প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে ভিড় করেন। এর মধ্যে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে থাকা কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ডিলার সার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬১১ বস্তা সার যে যার মতো নিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ লোকজন ৬ শতাধিক বস্তা সার নিয়ে গেছেন। সারের কোনো সংকট নেই। এরপরও বিশৃঙ্খলা সৃষ্টি করে এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, কোথাও সারের কোনো সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। লুট করা সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার ফেরত দেওয়া বা টাকা পরিশোধ করা না হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝