নেত্রকোনার খালিয়াজুরীতে ৫০০ টাকার বাজি ধরে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন লক্ষণ চন্দ্র পাল (৭৫) নামে এক বৃদ্ধ। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মিল্টন পাল ও পিয়াস পাল ৫০০ টাকা দেওয়ার শর্তে লক্ষণ চন্দ্র পালকে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খাওয়ার চ্যালেঞ্জ দেন। তাঁদের কথায় রাজি হয়ে তিনি পানির সঙ্গে এসব উপাদান মিশিয়ে পান করেন।
এর কিছুক্ষণ পরই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। আশপাশে যাঁকে পাচ্ছিলেন, তাঁকেই মারধর ও কামড় দিতে শুরু করেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না।
রোববার বিকেলে লক্ষণের ছেলে সুজিত চন্দ্র পাল জানান, তাঁর বাবা অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ। বাজির বিষয়টি বিশ্বাস করে তিনি লবণ ও সোডা মিশ্রিত পানি পান করেছিলেন। এরপর থেকেই তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে।
তিনি জানান, শুক্রবার প্রথমে বাবাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন দেওয়া হয়। এখনো স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না তিনি। আইসিইউতে শয্যা খালি না থাকায় তাঁকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। তবে রোববার ডাকলে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন।
সুজিতের অভিযোগ, তাঁর বাবার ক্ষতি করার উদ্দেশ্যেই টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে অতিরিক্ত লবণ ও সোডা খাওয়ানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিল্টন পাল ও পিয়াস পালের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে লক্ষণ পালকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত লবণ ও সোডা গ্রহণের ফলে তাঁর মস্তিষ্কে প্রভাব পড়েছে এবং তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মেন্দিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন মিয়া বলেন, তিনি এলাকায় না থাকায় প্রথমে ঘটনাটি জানতে পারেননি। তবে এমন ক্ষতিকর বিষয় নিয়ে বাজি ধরা মোটেও উচিত নয়। তিনি লক্ষণ পালের দ্রুত সুস্থতা কামনা করেন।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, লক্ষণ পাল সহজ-সরল মানুষ। প্রতিবেশীদের সঙ্গে বাজি ধরেই তিনি লবণ ও সোডা খেয়েছেন বলে শুনেছেন।
অন্যদিকে, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত মিল্টন পাল ও পিয়াস পালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এফএস