বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওলাদার তিনজনকে অভিযুক্ত করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন উপজেলার শিবপুর গ্রামের মো. রফিক হাজী (৭০), মো. আমিনুল ইসলাম (৬০) ও মো. মজনু হোসেন (৫৫)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামের রবীন্দ্রনাথ হাওলাদার খামারকান্দি মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া ১৮৫ শতক (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিজেদের দাবি করে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে সেটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে শুনানি করেন। সেখানে প্রতিপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রশাসন রবীন্দ্রনাথকে পুকুরে মাছ চাষের অনুমতি দেয়। এরপর বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে চার মাস আগে তিনি পুকুরে মাছের পোনা ছাড়েন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচে ফেলার চেষ্টা করেন। রবীন্দ্রনাথ এতে বাধা দিলে তাঁকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দিন দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুকুর থেকে রুই ও কাতলসহ বড় আকারের মাছ ধরে নিয়ে যান। পরে পুকুরের অবশিষ্ট মাছ নিধনের উদ্দেশ্যে পানিতে বিষ প্রয়োগ করেন। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ মরে পানিতে ভেসে ওঠে।
ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ হাওলাদার আক্ষেপ করে বলেন, “প্রশাসনের অনুমতি নিয়ে ধারদেনা করে মাছ চাষ করেছিলাম। চার মাসের পরিশ্রমে মাছগুলো বড় হয়েছিল। রাতের আঁধারে রুই ও কাতলসহ বড় মাছগুলো তারা ধরে নিয়ে গেছে। আর পুকুরে বিষ ঢেলে দেওয়ায় ছোট মাছগুলোও মরে ভেসে উঠেছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের সম্মতিতে মাছ চাষ শুরু করার পর চার মাস ধরে মাছগুলো বড় হচ্ছিল। রাতের আঁধারে বড় মাছ ধরে নিয়ে যাওয়া এবং পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় পরিবারটি অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে আমি এখনও অবগত নই। আমাকে এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, পুকুরে বিষ প্রয়োগ ও মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/আরএন