ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নগর পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ নিচ্ছে খুলনা সিটি কর্পোরেশন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
X

নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং বৃক্ষরোপণ কার্যক্রমের রক্ষণাবেক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

রবিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কেসিসির আন্তঃবিভাগীয় জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নগরীতে ডেঙ্গু সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মহানগরীর হাসপাতাল ও ক্লিনিকের তথ্য অনুযায়ী, গতকাল ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। চলতি মাসজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখার মাধ্যমে সংক্রমণ আরও কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে সভায় জানানো হয়, উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে কেসিসির কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হবে। সংশ্লিষ্ট থানার সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে গঠিত কমিটিকে দ্রুত সুপারিশ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণ করা গাছের পরিচর্যায় পৃথক টিম গঠন এবং নগরীর বিদ্যমান উন্মুক্ত জমিতে প্রয়োজন অনুযায়ী নতুন গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গাছের পরিচর্যায় অতিরিক্ত জনবল নিয়োগ, অবাধে বিচরণকারী গরু আটক করতে দুই শিফটে চারজন কর্মী নিয়োগ এবং বেওয়ারিশ কুকুরকে টিকা প্রদান ও পরবর্তী ব্যবস্থা গ্রহণে পৃথক টিম গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ মাসে ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় অতিরিক্ত ৩ থেকে ৭ জন স্প্রেম্যান নিয়োগ করা হবে। একই সঙ্গে প্রধান প্রধান সড়কের বর্জ্য দ্রুত অপসারণের জন্য পৃথক বর্জ্য সংগ্রহকারী নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রশাসক ড্রেনের পেড়িমাটি উত্তোলনের কাজ আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। আসন্ন শীত মৌসুমে নগরীর সব ওয়ার্ডের অবশিষ্ট ড্রেনের পেড়িমাটি একযোগে উত্তোলনের লক্ষ্যে ড্রেনগুলোর তালিকা প্রস্তুত করতেও নির্দেশনা দেন তিনি।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝