হবিগঞ্জের মাধবপুরে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। অভিযানকারীরা একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি বস্তা এবং পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া অন্য বস্তাটি তল্লাশি করে মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মহধর আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানান, তিনি ও তাঁর সহযোগী পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ও উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এমআর/আরএন