ভোলার চরফ্যাশনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পৃথক উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং পরিবেশ রক্ষায় সবুজ বনায়ন কর্মসূচি পালন করা হয়।
এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় ও প্রশংসনীয় উদ্যোগ ছিল চরফ্যাশন বাস টার্মিনাল ও হেলিপ্যাড-সংলগ্ন সড়কের দীর্ঘদিনের পরিবেশগত দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সড়কের দুপাশে জমে থাকা ময়লার স্তূপ ও ডাস্টবিনের আবর্জনা পরিষ্কার করে সেখানে দৃষ্টিনন্দন সবুজ বনায়ন কর্মসূচির সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষায় নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
সবুজ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপির পক্ষ থেকেও সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল এবং চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ময়লার ভাগাড় পরিষ্কার এবং সেখানে সবুজ বনায়ন গড়ে তোলার উদ্যোগকে একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ চরফ্যাশন গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএফ/আরএন