ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালী রুটে আসছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, সংস্কার হচ্ছে রেলপথ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
X

নোয়াখালীর রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালু এবং বন্ধ হয়ে যাওয়া ‘নোয়াখালী এক্সপ্রেস’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজ পরিদর্শনকালে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সচিব জানান, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের বিভিন্ন রেলস্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠানামায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।

এই সম্প্রসারণকাজ শেষ হলে একসঙ্গে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। এ ছাড়া প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ পুনর্বাসনের বিষয়ে প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ সংস্কারের জন্য গত ৫ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়েছে। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে।

নতুন ট্রেন চালুর বিষয়ে তিনি বলেন, মিটারগেজ ইঞ্জিনের সংকটের কারণে আপাতত নতুন ট্রেন পরিচালনা সম্ভব হচ্ছে না। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি লোকোমোটিভের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নতুন ইঞ্জিন ও কোচ রেলবহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বর্তমানে চলাচলরত ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কার্যক্রমও পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন রেলপথ পুনর্বাসন, স্টেশনগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে নোয়াখালীর যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝