চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৬২ জনের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জন রয়েছেন।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করে।
এছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস এবং হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করে। তবে হাজীগঞ্জে ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।