নারায়ণগঞ্জের হাজীগঞ্জ রেললাইনে সাদপন্থীদের মারকায নির্মাণ বন্ধ, দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের নারায়ণগঞ্জের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জাকির হোসেন কাসেমী, মুফতি মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা তানিমসহ আরও অনেকে।
প্রতিবাদ সমাবেশে মাওলানা আব্দুল আউয়াল বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর এজেন্ট এবং বহির্বিশ্বের ইহুদি-খ্রিষ্টানদের ইন্ধন ও অর্থায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সাদপন্থীরা আবারও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে। রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের কোনো মারকায নির্মাণ করতে দেওয়া হবে না।
এ সময় তিনি রূপগঞ্জের তারাবোতে তাবলিগ জামাতের কার্যক্রম বন্ধ এবং হাজীগঞ্জ রেললাইন এলাকায় তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ ছাড়া বক্তব্যে তিনি আরও বলেন, প্রশাসন দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন এবং আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এসএস/আরএন