ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম
X

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো শনিবার (৭ নভেম্বর) সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড ও বন বিভাগ।

এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে সাগরের প্রবল স্রোতের টানে তিনি তলিয়ে যান।

নিখোঁজ পর্যটকের নাম মো. রিয়াজ আহমেদ (২৮)। তিনি ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রিয়াজ ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি ছোট পর্যটকবাহী লঞ্চে করে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র (পাস) নিয়ে মান্দারবাড়ী নৌপথ দিয়ে লঞ্চটি সুন্দরবনে প্রবেশ করে। লঞ্চটিতে ১৯ জন পর্যটক ছিলেন।

বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। সেখানে সমুদ্রসৈকতে গোসল করতে নামার একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের টানে রিয়াজ নিখোঁজ হন। ঘটনার পরপরই আলোরকোল শুঁটকিপল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। রাতে সাগরে প্রচণ্ড ঢেউ ও অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

আলোরকোল শুঁটকিপল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, নীলকমলের দিক থেকে পর্যটকবাহী একটি লঞ্চ এসে আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। ঢেউয়ের তালে উচ্ছ্বাস প্রকাশের একপর্যায়ে তাঁদের একজন সাগরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে শুঁটকিপল্লির জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। তবে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সুন্দরবন বিভাগের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান শনিবার দুপুরে জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে কোস্ট গার্ডের পাশাপাশি বন বিভাগের সদস্যরাও বিভিন্ন এলাকায় টহল ও তল্লাশি অব্যাহত রেখেছেন। উদ্ধার অভিযান চালানো হলেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝