রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৬২ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৮২ জন, মিরপুরে ১৩৮ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
আরএন