রাজধানীর পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এ ছাড়া কালশী মোড়, বিমানবন্দর গোলচত্বর ও জুলাই চত্বর এলাকা ককটেল হামলায় কেঁপে ওঠে। হঠাৎ করে চালানো এই ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহবাগ মোড়ে দায়িত্বরত একটি টহল দলের পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের প্রধান ফটকের কাছে ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা।
অন্যদিকে, বিমানবন্দর গোলচত্বর এবং রাজধানীর জুলাই চত্বরে দুটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মিরপুরের কালশী মোড়েও ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়। পর পর এই ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, ঘটনাগুলোর পর পরই অপরাধীদের ধরতে এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও টহল বাড়ানো হয়েছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা জড়িতদের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।