কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানা (৫০) ছুরিকাঘাতে আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, পূর্বধুলদিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৫) শাহরিয়ার জামান রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে চার-পাঁচজন মাদকসেবীর সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাদের একজনকে চড়-থাপ্পড় মারেন।
এ বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসএ