বগুড়ার সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘চলি মানবতার সাথে’ স্লোগানকে সামনে রেখে গত ২১ অক্টোবর আদমদীঘি উপজেলার সান্তাহারের শখের পল্লীর হীরাঝিল কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দুই বিভাগের ১৬ জেলা থেকে তিন শতাধিক সদস্য অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম ও মানবিক উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬৫ জন সংগঠককে ‘সেরা সংগঠক সম্মাননা স্মারক’ ও সনদ দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতায় অবদানের জন্য বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার এবং সান্তাহারের প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টুকে ‘কৃতী সাংবাদিক সম্মাননা’ দেওয়া হয়। প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সামাজিক সংগঠন নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় সংগঠনের সদস্যদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করার এ প্রত্যয় দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তারা বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও বসুন্ধরা শুভসংঘ কাজ করছে। সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এসএস