আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের দিনব্যাপী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমদ ও খাজা শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ।
সভায় চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়েছে। নতুন উদ্যমে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে হবে। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সর্বোপরি, শরিয়াহর নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান বলেন, এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক সংযোগ জোরদার, অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে এ টাউন হল মিটিং। তিনি শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে খেলাপি বিনিয়োগ আদায় ও ব্যয় সংকোচনকে ব্যাংকের বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো. হাবিব উল্লাহ। এ সময় প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস হাসানের সার্বিক সমন্বয়ে আয়োজিত এ সভায় ঢাকা দক্ষিণ অঞ্চলের ৩৭টি শাখা ও ১১টি উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশ নেন।
এসএস