ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে কথা বলার নিয়ম ভঙ্গ করায় সান্তোসের এই অধিনায়ককে শাস্তি দেওয়া হয়েছে।
বুধবার (তারিখ) ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত জানায়। এর আগে শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সান্তোস। ওই ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী নেইমার।
ম্যাচের রেফারির প্রতিবেদনে বলা হয়, মাঠে বিবাদের সময় মুখ ঢেকে কথা বলে নিয়ম ভঙ্গ করেন নেইমার। ফুটবলে এ ধরনের আচরণ ঠেকাতে চালু হওয়া নিয়মটি ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ নামে পরিচিত। লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে গিয়ে নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন। পরে সতীর্থরা তাঁকে থামান।
ঘটনাটি ট্রাইব্যুনালে ওঠার পর শুনানি শেষে নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এর আগেই তিনটি হলুদ কার্ড দেখায় পালমেইরাসের বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না তিনি।
নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে পালমেইরাসের ম্যাচসহ সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমার ও সান্তোসের।
আপিলের ফল এবং পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করছে নেইমারের মাঠে ফেরার সময়।
-টিএস