ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম
X
Advertisement

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে দলে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে দলভুক্ত করেছে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদেরও। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় এনে ডি-থ্রি ট্রফি আয়োজন করছে বিসিবি। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম।

সকাল ১০টায় শুরু হয়ে টানা আট ঘণ্টা চলে নিলাম। এতে ২৬৯ জন ক্রিকেটারকে নিয়ে দর-কষাকষিতে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিদ্বন্দ্বিতা করে দলগুলো। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের সঙ্গে নিলাম থেকে আরও ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রতিটি দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

নিলামে ওয়ালটনের অন্যতম বড় চমক ছিলেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাঁকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ এবং অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন।

এ ছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে তাসকিন ও নাসুমের পাশাপাশি দলে নেওয়া হয়েছে তরুণ পেসার ইকবাল হাসান ইমনকে। তাঁকে পেতে ওয়ালটনের ব্যয় হয়েছে ৬৬ লাখ পয়েন্ট। এ ছাড়া প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দিয়ে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ওয়ালটনের স্কোয়াডের অন্যতম শক্তি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়। মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের আক্রমণাত্মক ব্যাটিং, তাসকিনের গতিময় পেস এবং মুমিনুলের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে অভিজ্ঞতা দলটিকে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নাসুমের স্পিন, রনি ও মার্শালের ব্যাটিং অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সামর্থ্য তিন সংস্করণের এই প্রতিযোগিতায় ওয়ালটনকে এগিয়ে রাখার সম্ভাবনা তৈরি করেছে।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ ছিল। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে পেরেছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। তারকাসমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়ালটন। খেলোয়াড়দের সামর্থ্য এবং অভিজ্ঞ কোচের নেতৃত্বে দলটি ভালো ক্রিকেট উপহার দিতে পারবে বলে তাঁর বিশ্বাস।

আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”

ওয়ালটনের স্কোয়াডে জাতীয় দলের অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন মিরাজ ও লিটনের মতো ক্রিকেটার থাকলেও এখনো অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে কোচ আবদুর রাজ্জাক জানান, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করেই অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

কোচ হিসেবে নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে রাজ্জাক বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা, মাঠের কাছাকাছি সময় কাটানো এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জন্য আনন্দের। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং দলকে ভালো ফল এনে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট- তিন সংস্করণেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে ডি-থ্রি ট্রফিতে অংশ নেওয়া দলগুলোকে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং কোচিং স্টাফের পরিকল্পনাকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে চায় ওয়ালটন। শক্তিশালী স্কোয়াড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য এখন মাঠের পারফরম্যান্সে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং কাঙ্ক্ষিত শিরোপা জয়।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement