ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁকে জামিন দেন।
বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত তারিখ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেন। পরে তাঁকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
ফেসবুক লাইভে চুরির ঘটনায় ক্ষোভ
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
গত রোববার (২৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন তিনি। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী।
লাইভে তাঁকে বলতে শোনা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু চলতি বছরে একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত মাসে তাঁর একটি দোকান থেকে এসির তার চুরি হয়। পরে তাঁর দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আশপাশের আরও কয়েকটি দোকানেও তার চুরি হয় বলে জানান তিনি।
একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সাথী বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও, পুলিশের হেফাজতে
ফেসবুক লাইভের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
ঘটনার সময় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাথীকে থানায় নেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেননি বলেও তিনি উল্লেখ করেন।
ওসি আরও বলেছিলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাথী ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছিলেন কি না এবং তাঁর বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা যায় কি না, তা বিবেচনায় নেওয়া হচ্ছিল।
অবশেষে বুধবার আদালত থেকে জামিন পেলেন এই নারী ব্যবসায়ী।
এফএস