চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ)। এ ঘটনায় ট্রাকের চালক ও কথিত মাদক কারবারি মো. রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৬ রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে।
সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১-এর একটি আভিযানিক দল ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে।
পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রাম (খন্দকার বাড়ি), ৯ নম্বর ওয়ার্ড, আতাইকুলা ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত সোহরাব আলী এবং মাতার নাম আছিয়া বেগম।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানায়, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা ট্যাবলেট রাখা হয়েছে। পরে তার দেখানো স্থান থেকে এবং তার নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ