প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইকে ধারণ করে না বলেই আমন্ত্রণ পেয়েও বিরোধী দল জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি। তারা আবারও আগের অবস্থানে ফিরে গেছে। এ সময় তিনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলন উভয়ের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশ পরিচালনার জন্য জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে।
এফএস