ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেঁয়াজের দাম বাড়িয়ে কারসাজি, ফিলিপাইনে ছয় কোম্পানিকে ২ কোটি ৭৯ লাখ ডলার জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বাজারে সংকট তৈরির অভিযোগে ফিলিপাইনে ছয়টি কোম্পানিকে ১৭৬ কোটি পেসো বা ২ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ আনুমানিক ৩৪৩ কোটি টাকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ফিলিপাইনে পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়। এতে পেঁয়াজের দাম দেশটির দৈনিক ন্যূনতম মজুরিকেও ছাড়িয়ে যায় এবং মাংসের চেয়েও বেশি হয়ে পড়ে।

পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে চাপে ফেলে। খাদ্যপণ্যের বাড়তি দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়।

২০২২ সালের শেষ দিক থেকে ২০২৩ সালের শুরুর কয়েক মাসে পেঁয়াজের সংকটে রেস্তোরাঁর মেনু থেকেও পণ্যটি বাদ পড়ে যায়। পেঁয়াজ চোরাচালানের চেষ্টা এবং বিয়ের তোড়ায় পেঁয়াজ ব্যবহারের মতো ঘটনাও ঘটে।

ফিলিপাইনের প্রতিযোগিতা কমিশন (পিসিসি) জানায়, অভিযুক্ত ছয়টি কোম্পানি পেঁয়াজ আমদানিকারক, সংরক্ষণ ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত। ২০২০ ও ২০২১ সালে দেশটির পেঁয়াজ আমদানির অনুমোদিত ছাড়পত্রের প্রায় ৫০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে ছিল।

কমিশনের ভাষ্য, কোম্পানিগুলো পেঁয়াজ আমদানি, হিমাগারে সংরক্ষণ ও পাইকারি বিতরণে অবৈধভাবে বাজার ভাগ করে নিয়েছিল। দেশটির একটি সংসদীয় তদন্ত কমিটিও বলেছে, কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছিল।

পিসিসি জানিয়েছে, ২০১৬ সালে কমিশন গঠনের পর এটিই তাদের আরোপ করা সবচেয়ে বড় জরিমানা। অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে।

২০২৩ সালের শেষ দিকে স্থানীয় পেঁয়াজের বাম্পার ফলন বাজারে আসার পর সংকট কমে এবং দাম স্থিতিশীল হয়।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement