যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে হামলাকারীও নিহত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। নিহত অপরজন ওই স্কুলের একজন শিক্ষক। আহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক রয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী এক কিশোর প্রথমে স্কুলের বাইরে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি করে ভেতরে প্রবেশ করে এবং গুলি চালাতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত স্কুলে পৌঁছায়। এর আগেই এক স্থানীয় ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে স্কুলের ভেতরে প্রবেশ করেন এবং তাকে থামাতে হস্তক্ষেপ করেন। পরে হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর স্কুলটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ কক্ষ ধরে ধরে তল্লাশি চালিয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে বের করে আনার কাজ শুরু করে। হামলার কারণ এবং স্কুলের সঙ্গে হামলাকারীর কোনো যোগসূত্র ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি হতাহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রতি সমবেদনা জানান এবং আরও প্রাণহানি ঠেকাতে এগিয়ে আসা ওই ব্যক্তির ভূমিকার প্রশংসা করেন।
এফএস