গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজের এক রাত পর শফিকুল ইসলাম সবুজ মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে বিশ্রামের জন্য তৈরি মাচা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
নিহত সবুজ মিয়া ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় তিন মাস আগে চাকরি হারান তিনি। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ১২টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সবুজ। বের হওয়ার আগে কেউ একজন তাঁকে ফোন করেছিলেন বলে জানতে পেরেছেন তাঁরা। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। সোমবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে পুকুরপাড়ের মাচায় তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে তাঁরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহতের শ্যালক আল আমিন ও পরিবারের অন্য সদস্যরা জানান, সবুজ মিয়া মাদক সেবন ও মুঠোফোনে জুয়া খেলায় আসক্ত কয়েকজন যুবকের সঙ্গে চলাফেরা করতেন। তবে এসব বিষয় তাঁর মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, পুকুরপাড়ের মাচা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে।
এফএস