ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর মারা গেছেন প্রসূতি বীথি আক্তার। গত ৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ৬ মে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন বীথি। পরে শারীরিক জটিলতা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। ১৫ জুলাই দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে গজ বের করা হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
এদিকে বীথির পরিবারের সঙ্গে ৫৫ হাজার টাকার আর্থিক সমঝোতার অভিযোগ উঠেছে। তাঁর স্বামী আপসের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, আর্থিক সংকটের কারণে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।
চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এফএস