রূপসায় আক্তার ঢালী হত্যাকাণ্ডের তিন দিন পরও মামলা হয়নি। আতঙ্কের কারণে নিহতের পরিবারের কেউ থানায় মামলা করতে যাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হন। পরদিন ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তবে হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়ির সামনে একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, অথচ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা আরও জানান, একই ব্যক্তিরা এর আগে নিহতের বাবা ও ছেলেকেও হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় ঢালী পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ কারণে তারা মামলা করতেও ভয় পাচ্ছেন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আক্তার ঢালী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। মামলা করার জন্য পরিবারের সদস্যদের অনুরোধ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
সৈকত মোঃ সোহাগ / এফএস