খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক চালকের ট্রাকের ধাক্কায় কেসিসির অপর এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালক মো. আব্দুস সালাম (৪৫) নিহত হন। অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক রয়েছেন।
নিহত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেসিসির চালক মো. সাফায়েত হোসেন বলেন, বেলা সোয়া ১১টার কিছু আগে বাইরে থেকে ময়লার গাড়ি (মিনি ট্রাক) চালিয়ে গ্যারেজের ভেতরে প্রবেশ করেন বারেক। তিনি অপর চালক সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। উত্তরে সালাম বলেন, ‘তুমি গাড়িটি সরিয়ে নাও।’ এরপর বারেক গাড়িটি স্টার্ট দিতে গেলে সেটি সামনের দিকে ধাক্কা দেয়।
এর আগে কোনো এক কারণে সালাম ওই গাড়ি এবং সামনে থাকা স্কেভেটরের মাঝখানে অবস্থান করছিলেন। দুই গাড়ির মাঝে চাপা পড়ে সালামের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে গাড়ির সামনের অংশও দেবে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, নিহত চালকের পরিবার কোনো মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে চালক বারেক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে পাওয়া গেলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
এসএস/আরএন