রাঙ্গামাটিতে চুরি ও হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে রাঙ্গামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
এ সময় রাঙ্গামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম, সহ-অধিনায়ক মো. এনায়েত করিমসহ ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম বলেন, গত সেপ্টেম্বর মাসে ১৮ এপিবিএনে সর্বমোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে নিবিড়ভাবে কাজ করেছে সাইবার ক্রাইম ইউনিট। এই ইউনিটের প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া, বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল-সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অন্যদিকে, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
গত দুই মাসে রাঙ্গামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোট ৫১৭টি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের ভুল লেনদেনের ৪ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
এসআই/আরএন