ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যেগে ৫৩ হারানো মোবাইল ও ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাঙ্গামাটিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের প্রযুক্তিগত সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএন রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। এ সময় ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে ১৮ এপিবিএন সর্বমোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করেছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিকাশে ভুলবশত অন্য নম্বরে পাঠানো ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকর সহায়তা প্রদান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেওয়ার তথ্যও জানানো হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোন উদ্ধার হওয়ার একটি ঘটনার বর্ণনা দিয়ে জানানো হয়, মো. আল-আমিনের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন চট্টগ্রাম থেকে ছিনতাই হয়। এ ঘটনায় তিনি রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং জিডির কপি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলে জমা দেন। পরে জিডির তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনটি উদ্ধার করে সাইবার ক্রাইম সেল।

ফোনটি ফেরত পেয়ে আবেগাপ্লুত আল-আমিন বলেন, ১৮ এপিবিএনের সাইবার পুলিশ ফোন করে তার ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার হওয়ার খবর দেওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত হন। কোনো ধরনের অর্থ ব্যয় ছাড়াই ফোনটি ফিরে পাওয়ায় তিনি সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে মো. আরিফুল ইসলাম তার ছোট ভাইকে বিকাশে এক হাজার টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য একটি নম্বরে টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়া ব্যক্তি পরে বিষয়টি অস্বীকার করে মোবাইল ফোন বন্ধ করে দিলে তিনি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের শরণাপন্ন হন। সাইবার টিমের পরামর্শ অনুযায়ী থানায় জিডি করে এর কপি জমা দেন তিনি। পরবর্তীতে প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই টাকা উদ্ধার করে আরিফুল ইসলামের কাছে ফেরত দেওয়া হয়।

টাকা ফেরত পেয়ে আরিফুল ইসলাম বলেন, টাকা আর ফেরত পাবেন বলে তিনি আশা করেননি। তবে ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলের আন্তরিক প্রচেষ্টায় কোনো খরচ ছাড়াই টাকা ফেরত পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ১৮ এপিবিএন রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যম ও মোবাইল সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ভুলবশত অন্য নম্বরে পাঠানো টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাইবার ক্রাইম সেলের পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করেন তারা।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement