ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর পুনর্দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা বাব আল-মানদেব প্রণালির কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নেওয়া অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে তারা।
একই সঙ্গে রাজধানী সানা পুনর্দখলের লক্ষ্যে একটি ‘কৌশলগত অভিযান’ শুরুর কথাও জানিয়েছে সরকারি বাহিনী।
সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, মোখার আশপাশের কয়েকটি ফ্রন্টে হুতিদের সঙ্গে তীব্র লড়াই হয়েছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। কয়েকজনকে আটকও করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হতাহত বা আটকের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেডের যৌথ অভিযানে ধুবাব জেলা এবং বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
সরকারি বার্তা সংস্থা সাবার (SABA) এক প্রতিবেদনে সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, অভিযানের মাধ্যমে বাব আল-মানদেবের দিকে হুতিদের যাতায়াত ও সরবরাহের গুরুত্বপূর্ণ কয়েকটি পথ বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে দখলে নেওয়া এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং হুতিদের রসদ সরবরাহের পথ পুরোপুরি বন্ধ করার চেষ্টা চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্প্রতি পশ্চিম তাইজ প্রদেশের মোখা শহর ও বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকায় হুতিদের নতুন করে তৎপরতা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি বাহিনী ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে।
বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এর কৌশলগত গুরুত্ব রয়েছে।
-টিএস