বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনস্থ সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জুলকার নায়নসহ বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮–১৯ সেপ্টেম্বর, ২৫–২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর মোট পাঁচ দিনব্যাপী পরিচালিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা সফলভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বেসামরিক বিমান চলাচল নীতি ও পদ্ধতি (Civil Aviation Policy and Procedure), ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন, এভিয়েশন সিকিউরিটি, এয়ার ট্রান্সপোর্ট ইকোনমি এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ সিভিল এভিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রদান করা হয়।
এছাড়া অংশগ্রহণকারীদের বিমানবন্দর পরিচালনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (ATMC), এপ্রোন ও ফায়ার স্টেশন সরেজমিনে পরিদর্শন করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “সিভিল এভিয়েশন সম্পর্কে সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের সার্বিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণার্থীদের পক্ষে মতপ্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এই অর্জিত বাস্তব জ্ঞান কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে সহায়ক হবে এবং বাংলাদেশের এভিয়েশন খাতের টেকসই বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা আইকাও (ICAO)-এর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ও নীতিমালার আলোকে বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (এটিএম) এয়ার কমোডোর মোঃ নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মোঃ মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক এবং প্রধান প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেনসহ বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।