বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে টেকসই, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেশের দ্রুত নগরায়ণের বাস্তবতায় পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, নগর উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে মানবিক ও বাসযোগ্য নগর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান, নিরাপদ আবাসন, নাগরিক সেবা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন জড়িত। তাই সমন্বিত পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।
তিনি সবার জন্য টেকসই নগরায়ণ ও সর্বজনীন আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
এসএস