ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা মহানগর উত্তর বিএনপি কমিটি বিলুপ্ত; আসছে নতুন কমিটি
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম
X
Advertisement

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক একাধিক বিতর্কিত ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির হাইকমান্ডের নির্দেশে বিদ্যমান কমিটি বিলুপ্ত করার পাশাপাশি অচিরেই নতুন ও পুনর্গঠিত নেতৃত্বের ঘোষণা আসবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। 

একই দিন বিএনপির যুব ও ছাত্র সংগঠনের দুটি গুরুত্বপূর্ণ শাখা কমিটিও বিলুপ্ত করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যে কারণে বিলুপ্ত করা হলো উত্তর বিএনপির কমিটি

যদিও দলীয় বিজ্ঞপ্তিতে কেবল "নিয়মানুগ নির্দেশক্রমে" কমিটি বিলুপ্ত করার কথা বলা হয়েছে, তবে বিএনপির দায়িত্বশীল সূত্রের তথ্যানুযায়ী মূল কারণগুলো হলো:

বিৃঙ্খলা ও চাঁদাবাজির অভিযোগ: অতি সম্প্রতি রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার, পুলিশ ও সিটি করপোরেশন কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপি নেতাদের জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘটনাগুলো তদন্ত করা হয়। তদন্তে বিশৃঙ্খলাকারীদের শেল্টারদাতা হিসেবে যাদের নাম উঠে আসে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও স্থানীয় পর্যায়ের চাঁদাবাজির অভিযোগে বিএনপির কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে। পল্লবী, মিরপুর ও দারুসসালাম এলাকায় ঝুট ব্যবসা, জবরদখল ও অপকর্ম নিয়ন্ত্রণের অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল।

দলীয় সূত্রে আরও জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থান করে মামুন নামে এক ব্যক্তি মিরপুরে একটি বাহিনী নিয়ন্ত্রণ করেন। দেশে তার দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমান ওই বাহিনী পরিচালনা করেন বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে মিরপুরের পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তারা উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের অনুসারী হিসেবে পরিচিত।

মেয়াদোত্তীর্ণ নেতৃত্ব: আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামানের অধীন ৫১ সদস্যের কমিটি তাদের মেয়াদ পার করার পরও নতুন সাংগঠনিক ভিত্তি জোরদার করতে না পারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলীয় হাইকমান্ড।

অঙ্গ ও সহযোগী সংগঠনেও বড় ধাক্কা
কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই কেবল ঢাকা মহানগর উত্তর বিএনপিই নয়, একই সঙ্গে সহযোগী সংগঠনগুলোতেও বড় ধরনের সাংগঠনিক ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে:
যুবদল ও ছাত্রদলের কমিটি বাতিল: মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

১৫ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার: 

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে স্পষ্ট সম্পৃক্ততার প্রমাণ মেলায় শাহআলী থানা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের মোট ১৫ জন দায়িত্বশীল নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডেইলি অবজারভারকে বলেন, "আইনের বাইরে গেলে তার জন্য আইন অপেক্ষা করবে না। অনিয়ম ও অপরাধে জড়ালে তার পরিণতি কী হবে, এই সমস্ত ঘটনাগুলোর মধ্য দিয়েই তার প্রমাণ হয়েছে।"

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডেইলি অবজারভারকে বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার, জাতীয় সংসদ এবং দলের নেতাকর্মীদের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত একটি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন—দল, সরকার কিংবা সংসদে তার সমর্থক বা দলের কেউ আইনের ঊর্ধ্বে নন। যেকোনো অপকর্মের জন্য যে প্রাপ্য শাস্তি, তাকে তা পেতে হবে। বিএনপি ক্ষমতায় বা বিরোধী দলে যেখানেই থাকুক, কেউ আইনের মূলধারা থেকে বিচ্যুত হতে পারবে না।"

নতুন কমিটি গঠন নিয়ে বিএনপির অবস্থান
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের কাজ দ্রুত গতিতে চলছে।

দলীয় নীতি-নির্ধারকদের সূত্রে জানা গেছে, অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, ক্লিন ইমেজের অধিকারী এবং চাঁদাবাজি-দখলদারিত্বমুক্ত তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব সামনে আনা হবে। দ্রুততম সময়ে থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে পুনরায় সচল করে রাজধানী ঢাকায় বিএনপির সাংগঠনিক ভিত মজবুত করাই থাকবে নতুন কমিটির মূল লক্ষ্য।

নতুন কমিটিতে সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, উত্তরের প্রশাসক বিএনপি নেতা শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। এছাড়াও এই পদে জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেওয়া ও বহিষ্কৃত দুই নেতা—ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নীরব এবং এস এ সিদ্দিকী সাজুর নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহবায়ক এবিএম রাজ্জাক, আফাজ উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডেইলি অবজারভারকে বলেন, "মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন কমিটি ঘোষণা করা হবে। রাজনৈতিক সংগঠনে পুনর্গঠন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে—বলে আমি আশাবাদী।"

মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ডেইলি অবজারভারকে বলেন, "আমার কাছে অফিশিয়ালি এ ধরনের কোনো তথ্য নেই। তবে সংগঠনের গতিশীলতার স্বার্থে পরিবর্তন আসবে—এটি একটি চলমান প্রক্রিয়া।"
উল্লেখ্য, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে দলীয় হাইকমান্ড বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে পারে। ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

জেবি/এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement