দেশের অন্যতম শীর্ষ আবাসন ও বিনোদন খাতের প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ পর্যটন বোর্ড’ আয়োজিত এই প্রতিযোগিতায় “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বিজয়ী হিসেবে সম্মানিত করা হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত বিনোদনকেন্দ্রটিকে।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি কনকর্ড গ্রুপের প্রতিনিধিদলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
কনকর্ড গ্রুপের পক্ষে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার। এ সময় কনকর্ড গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের পর্যটন ও বিনোদন খাতের প্রসারে অবিচল অবদান, বিশ্বমানের উদ্ভাবনী ও নিরাপদ রাইড, পরিবারবান্ধব পরিবেশ, উন্নত গ্রাহকসেবা এবং সমন্বিত রিসোর্ট সুবিধার মাধ্যমে পর্যটকদের স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার স্বীকৃতিস্বরূপ ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে কনকর্ড গ্রুপের উর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার বাংলাদেশ পর্যটন বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন পুরো কনকর্ড পরিবার ও ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। দর্শনার্থীদের সর্বোত্তম সেবার মান ও স্মরণীয় বিনোদন দিতে আমাদের নিরলস প্রচেষ্টারই আনুষ্ঠানিক স্বীকৃতি এটি। এই অর্জন বাংলাদেশের পর্যটন ও বিনোদন শিল্পের ধারাবাহিক উন্নয়নে আরও বড় অবদান রাখতে আমাদের নতুন উদ্যমে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিনোদনপ্রেমী মানুষ ও পর্যটকদের প্রথম পছন্দ হিসেবে স্থান করে নিয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বিশালাকার এই বিনোদন কমপ্লেক্সের অধীনে রয়েছে বিশ্বমানের থিম পার্ক ‘ফ্যান্টাসি কিংডম’, ওয়াটার থিম পার্ক ‘ওয়াটার কিংডম’, ঐতিহ্যবাহী ‘হেরিটেজ কর্নার’, আন্তর্জাতিক মানের গো-কার্ট ট্র্যাক ‘এক্সট্রিম রেসিং’ এবং অবস্থানকালীন মনোরম অভিজ্ঞতা দিতে বিশ্বমানের ‘রিসোর্ট আটলান্টিস’। দীর্ঘদিন ধরে পরিবার, পর্যটক ও করপোরেট ক্লায়েন্টদের অবকাশ যাপনের নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।