কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান চালায়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাত বোতল ভারতীয় মদ ও ৪ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
একই দিন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
এ ছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৬৫০ টাকা।
বিজিবি জানিয়েছে, পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা। সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এসআই/এসএস