সুন্দরবনের গহীনে জেলে নৌকায় হামলা করে জেলেদের জিম্মি করার চেষ্টা করেছে দস্যুরা। তবে বনরক্ষীদের ফাঁকা গুলিতে পিছু হটে তারা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে, শনিবার (৩ অক্টোবর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা এলাকার কাদেরের খালে এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, বৈধ পাস-পারমিট নিয়ে জেলেরা সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছিলেন। কাদেরের খাল এলাকায় পৌঁছালে দস্যুরা তাদের নৌকার পিছু নেয় এবং জেলেদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় এক জেলে কটকা বন অফিসে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শরিফুল ইসলাম বলেন, দস্যুরা জেলেদের পিছু নিলে তারা বিষয়টি বুঝতে পেরে কটকা বন অফিসে ফোন করেন। তাৎক্ষণিকভাবে বনরক্ষীরা ব্যবস্থা নেওয়ায় জেলেরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বনকর্মীদের তৎপরতায় দস্যুরাও পালিয়ে যেতে বাধ্য হয়।
এদিকে কেউ কেউ পর্যটকবাহী নৌযানে দস্যুদের হামলার কথা বলছেন জানিয়ে তিনি বলেন, কোনো পর্যটকবাহী নৌযানে দস্যুতার ঘটনা ঘটেনি। এ বিষয়ে দর্শনার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।
টিআই