পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ও তার চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইসলামাবাদমুখী লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
শুক্রবার প্রথম দফা আলোচনার পর শনিবার বিকেলে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকটি রোববার ভোরে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় ছিল কারাবন্দি ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের সাক্ষাতের সুযোগ। সরকার আগে লংমার্চ প্রত্যাহারের ঘোষণা চাইলেও পিটিআই ইমরানের সঙ্গে সাক্ষাতের আগে কর্মসূচি প্রত্যাহারে রাজি হয়নি।
পিটিআইয়ের দাবির মধ্যে রয়েছে ইমরান খানের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাতের সুযোগ এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। এ ছাড়া ইমরানের বোন ও লংমার্চের আগে আটক হওয়া নেতাকর্মীদের মুক্তি, তার স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা এবং তাদের মামলাগুলোতে যথাযথভাবে শুনানি নিশ্চিত করার দাবিও রয়েছে।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, খাইবার পাখতুনখাওয়া সরকার ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা না পাওয়াও আলোচনার ব্যর্থতার একটি প্রধান কারণ। পিটিআই-নেতৃত্বাধীন প্রদেশটির সরকার এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে তিনি জানান।
লংমার্চের কর্মসূচি প্রথমে ২৭ সেপ্টেম্বরের জন্য ঘোষণা করেছিল পিটিআই। পরে নিরাপত্তা জোরদার এবং ইসলামাবাদমুখী সড়কে সরকারি বাধার মধ্যে কর্মসূচি ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। রোববার খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানান, লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে দুপুর ১টায় লংমার্চ শুরু হবে। এরপর কাফেলাটি কারাক, কোহাট ও পেশোয়ার হয়ে ৮ অক্টোবর খাইবার পাখতুনখাওয়ার খাইরাবাদে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, লংমার্চকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না। এরই মধ্যে রাজধানীমুখী সড়কে কনটেইনার বসানো এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দি। তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা কারাগারে রয়েছেন। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএস