বাগেরহাটের মোরেলগঞ্জে দুইটি মোটরসাইকেল ও একটি নসিমনের ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বলেন, সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় আহত ৯ জন রোগী এসেছিল। এর মধ্যে তিনজন মৃত ছিল। চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। আর দুইজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
টিআই