এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয়েছে বাংলাদেশকে। সেখানে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম হয়েই এবারের এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ।
শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার।
দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। এরপর ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসের এবারের হকি অভিযান শেষ করায় আগামী এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
এসএস