
সংগৃহীত ছবি
উয়েফা নেশন্স লিগে ১০ জনের নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ওয়েলস। কার্ডিফ সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের তৈরি করা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন অস্কার বব। তবে ৩৮ মিনিটে ড্যানিয়েল জেমসের গোলে সমতায় ফেরে ওয়েলস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৬ মিনিটে ড্যানিয়েল জেমসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নরওয়ের টোরবিয়র্ন হেগেম। ফলে ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় নরওয়েকে।
এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ওয়েলস। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ৪৮ মিনিটে স্বাগতিকদের ২–১ ব্যবধানে এগিয়ে দেন নেকো উইলিয়ামস।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নরওয়ে। এরলিং হালান্ডকে সামনে রেখে একাধিক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস।
এফএস