জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে এশিয়ান গেমসের নারী হকি প্রতিযোগিতায় সিঙ্গাপুরকে পেনাল্টি শুটআউটে ২-১ গোলে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
শুক্রবার নবম-দ্বাদশ স্থান নির্ধারণী ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটআউটে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।
বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১০ মিনিটে ইরিন আক্তার রিয়া দারুণ এক ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে সেই লিড ধরে রাখে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় সিঙ্গাপুর। ৪২ মিনিটে লিমা আক্তার হলুদ কার্ড পেয়ে সাময়িকভাবে মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দুই মিনিট পরই সমতায় ফেরে সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তৌ লি মিন।
বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ু ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ এবং টুর্নামেন্টে নবম স্থান অর্জন করে।
এফএস