২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। আগামী ২ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বিশ্বকাপের মূল পর্বে ১২টি দলকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি বাছাই দল।
বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেঞ্চুরিয়নের মাঠে বাছাইপর্ব পেরিয়ে আসা ‘কোয়ালিফায়ার বি’-এর বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
- ৮ অক্টোবর — ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহোক
- ১২ অক্টোবর — নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি
- ১৬ অক্টোবর — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান
- ১৯ অক্টোবর — দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান
- ২৩ অক্টোবর — বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি, সেঞ্চুরিয়ন
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ দলগুলোর মধ্যে যে দলের পয়েন্ট বেশি থাকবে, সেই দলও সুপার সেভেনে জায়গা পাবে। বাংলাদেশেরও সেই পর্বে ওঠার সুযোগ থাকবে।
সুপার সেভেনে উঠলে বাংলাদেশের ম্যাচের সূচি নির্ভর করবে গ্রুপ পর্বের ফল ও নির্ধারিত সিডিংয়ের ওপর। এই পর্বের খেলা হবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় মোট ১২টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে। সেমিফাইনাল দুটি হবে ১৭ নভেম্বর কেপটাউন ও ১৮ নভেম্বর সেঞ্চুরিয়নে।
২ অক্টোবর টুর্নামেন্ট শুরু করার সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর জন্মদিনকেও স্মরণ করা হবে। গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রায় দুই দশক আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।
এফএস